জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 34 বার পঠিত
গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুপুরের পর বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ পরিস্থিতিতে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কোনাবাড়ী ও কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেলের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Posted ৪:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah