সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 226 বার পঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্যদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সার্বিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতকালে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য লার্স প্রাগমান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা সোমবার থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করছি। আমরা ব্রাহ্মণবাড়িয়াসহ তিনটি জেলা ভিজিট করবো। জনগনের বক্তব্য শুনব। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন অংশীজনের সাথে কথা বলছি। মাঠের চিত্র বোঝার চেষ্টা করছি। বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করছি, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে একটি নিরপেক্ষ ধারণা পাওয়া যায়।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য মায়া হুরলিমান বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে। আমরা ভোটারদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচনের দিকগুলো, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে কথা বলাটা অত্যন্ত জরুরী। তিনি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের কাজের ব্যাপাওে কোন প্রতিবন্ধকতা আছে কিনা জানতে চান।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সাবেক সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, সাংবাদিক মীর মোঃ শাহীন, শাহাদৎ হোসেন, খন্দকার শফিকুল আলম, মাঈনুদ্দিন রুবেল, চয়ন বিশ্বাস প্রমুখ।
সাক্ষাতের সময় দোভাষী ছিলেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য আবু সালেহ।
Posted ৬:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah