সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 133 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ৬০ বছর বয়সী ধলাই মিয়ার পরিচয় শনাক্ত হয়ে তিন মাস পর তিনি অবশেষে পরিবারের কাছে ফিরেছেন। মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে তার চিকিৎসা ও খোঁজখবরের পর শনিবার রাত ৮টার দিকে ধলাই মিয়াকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই মিয়ার ছেলে রিপন মিয়া, তাঁর স্ত্রী রাশেদা ও বড় বোন নাসিমা। পরে একটি অ্যাম্বুলেন্সে তাকে হবিগঞ্জের নিজ বাড়িতে পাঠানো হয়।
ধলাই মিয়া প্রায় তিন মাস আগে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের পরামর্শে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ধলাই মিয়ার পরিচয় নিশ্চিত করা হয়।
পরিবার জানায়, ধলাই মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি একবার নিখোঁজ হয়ে প্রায় দুই মাস পর বাড়িতে ফিরে এসেছিলেন।
ধলাই মিয়াকে প্রথম উদ্ধার করা হয় ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে আশুগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে। ‘ঐক্যবদ্ধ আশুগঞ্জ’-এর সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। পরে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে চিকিৎসা, খাবার ও অন্যান্য সহায়তার মাধ্যমে তিনি পরিবারের কাছে ফিরতে সক্ষম হন।
ধলাই মিয়ার পরিবার তাঁর ফিরে পাওয়ায় গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Posted ৭:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah