সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৪৬ পেলেন ইউপি সদস্য

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৪৬ পেলেন ইউপি সদস্য

বয়স যে শিক্ষার পথে কোনো বাধা নয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম। দীর্ঘ ২৭ বছর পড়াশোনার বাইরে থাকার পর ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৪৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তাঁর এ সাফল্য আসে। আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের তুরাব আলীর ছেলে।

১৯৯৯ সালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন আমিনুল ইসলাম। এরপর জীবন-জীবিকার তাগিদে দীর্ঘদিন পড়াশোনার বাইরে ছিলেন। তবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন তিনি। সেই উপলব্ধি থেকেই নতুন করে পড়াশোনা শুরুর সিদ্ধান্ত নেন।

২০২৪ শিক্ষাবর্ষে গাজীপুর মহানগরীর পুবাইল এলাকার সিটি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউটে ভর্তি হন আমিনুল। সংসার, ব্যক্তিগত কাজ ও জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি চালিয়ে যান পড়াশোনা। দিনের ব্যস্ততা শেষে রাতের অবসর সময়টুকু কাজে লাগিয়ে প্রস্তুতি নেন পরীক্ষার। অবশেষে ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৪৬ পেয়ে সফল হন তিনি।

রোববার (১ নভেম্বর) নিজের অনুভূতি জানিয়ে আমিনুল ইসলাম বলেন, সারা দিনের ব্যস্ততা শেষে মানুষের সেবা করে রাতে বই নিয়ে পড়তে বসতেন তিনি। শিক্ষার কোনো বয়স নেই। যারা বিভিন্ন কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তাঁর এই অর্জন দেখে তাঁরা নতুন করে পড়াশোনা শুরু করার সাহস পাবেন বলে আশা করেন।

তিনি আরও বলেন, “জনসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও যে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।” সুযোগ পেলে আগামীতে স্নাতক পর্যায়েও ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তিনি।

মাওনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, এটি শুধু আমিনুল ইসলামের ব্যক্তিগত অর্জন নয়, পুরো ইউনিয়ন পরিষদের জন্যই গর্বের বিষয়।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। ৪৭ বছর বয়সে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন বর্তমান সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

Facebook Comments Box

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া