নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জনসাধারণের চলাচলের রাস্তা ও পানি নিষ্কাশনের সরকারি খাল অবৈধভাবে দখল করে কাঁটার বেড়া ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উড়িয়াইন গ্রামের বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, নারী ও বয়স্কদের চলাচলে দুর্ভোগ বাড়ছে। একই সঙ্গে বাধাগ্রস্ত হচ্ছে খালের স্বাভাবিক পানিপ্রবাহ।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. হুকুম আলী। গত ১ নভেম্বর ২০২৬ তিনি নাসিরনগর উপজেলার ৯ নম্বর চাপরতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উড়িয়াইন গ্রামের বাসিন্দাদের পক্ষে এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, উড়িয়াইন মৌজার বিএস দাগ নম্বর ১৩২, ১৩৩, ১৬০, ২২৮ ও ২১৪-এর অন্তর্ভুক্ত গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি খালটি দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।
অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের মৃত তারা মিয়ার ছেলে জিতু মিয়া এবং মৃত ইমাম হোসেনের ছেলে মো. ফারুক মিয়া, মো. তাউস মিয়া, মো. সাফকুল মিয়া ও মো. শিরান মিয়া জোরপূর্বক রাস্তা ও খালের জায়গায় কাঁটার বেড়া এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
ফলে গ্রামের নারী, শিশু, বৃদ্ধ ও কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
আবেদনে ইউপি সদস্য মো. হুকুম আলী বলেন, রাস্তা ও খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা জরুরি। তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।
আবেদনের সঙ্গে রাস্তা ও খালের ছবি, এলাকাবাসীর গণস্বাক্ষর এবং বিএস নকশার কপি সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah