শনিবার ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠনের দাবি কবীর আহমেদ ভূঁইয়ার, তিন জেলা নিয়ে নতুন প্রশাসনিক কাঠামোর প্রস্তাব

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠনের দাবি কবীর আহমেদ ভূঁইয়ার, তিন জেলা নিয়ে নতুন প্রশাসনিক কাঠামোর প্রস্তাব

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া—এই তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ নামে একটি নতুন প্রশাসনিক বিভাগ গঠনের জোরালো দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, নতুন বিভাগের সদর দপ্তর হবে ব্রাহ্মণবাড়িয়া। তিন জেলার মোট ৩১টি উপজেলা নিয়ে বিভাগটি গঠিত হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারির তথ্য উল্লেখ করে কবীর আহমেদ ভূঁইয়া জানান, কিশোরগঞ্জের জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯। তিন জেলার মোট জনসংখ্যা প্রায় ৮৯ লাখ ৩৩ হাজার।

প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ, হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও আখাউড়া স্থলবন্দরকে সমন্বিতভাবে কাজে লাগানো গেলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। নতুন বিভাগ গঠিত হলে তিন জেলার মানুষের বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক সেবা নেওয়া সহজ হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।

কবীর আহমেদ ভূঁইয়া আরও উল্লেখ করেন, নতুন বিভাগে তিন জেলার সমান মর্যাদা ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে কোনো জেলা অবহেলিত না হয়। তিনি জানান, একজন সচেতন নাগরিক হিসেবে নিজের মতামত তুলে ধরেছেন এবং এই দাবির সঙ্গে অন্যদের দ্বিমত থাকতে পারে। তিনি মনে করেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই বিভাগ গঠন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, এর আগেও ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে নতুন প্রশাসনিক বিভাগ গঠনের দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে। স্থানীয়দের একটি বড় অংশ মনে করেন, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সম্ভাবনা এবং প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করলে এই তিন জেলা নিয়ে একটি পৃথক বিভাগ যৌক্তিক। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

Facebook Comments Box

Posted ৮:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া