অনলাইন ডেস্ক | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত
ছবি সংগৃহীত
প্রায় তিন দশক পর আবারও নিলামের মঞ্চে ফিরছে প্রিন্সেস ডায়ানার সেই বিখ্যাত ‘রিভেঞ্জ ড্রেস’।
রাজপরিবারের ইতিহাস ও ফ্যাশন জগতের অন্যতম আলোচিত এই কালো পোশাকটির দাম নিলামে প্রায় ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোদেবিস জানিয়েছে, আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে বিশেষ নিলামে তোলা হবে পোশাকটি।
গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা কাঁধখোলা কালো রেশমের এই পোশাকটি ডায়ানার সবচেয়ে স্মরণীয় ফ্যাশন নিদর্শনগুলোর একটি।
কিন্তু কেন এত আলোচিত এই পোশাক?
সময়টা ১৯৯৪ সালের ২০ নভেম্বর। তৎকালীন ব্রিটিশ যুবরাজ ও বর্তমানে রাজা তৃতীয় চার্লস এক টেলিভিশন সাক্ষাৎকারে ডায়ানার সঙ্গে বিবাহিত থাকা অবস্থায় কামিলা পার্কার বোলসের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন।
রাজপরিবারকে ঘিরে যখন তুমুল বিতর্ক, ঠিক সেই রাতেই লন্ডনের সার্পেনটাইন গ্যালারিতে ভ্যানিটি ফেয়ারের এক চ্যারিটি ডিনারে হাজির হন ডায়ানা।
পরনে কাঁধখোলা কালো পোশাক। সঙ্গে রাজকীয় গয়না, কালো হিল ও ক্লাচ। ভিনটেজ জ্যাগুয়ার থেকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে নামার সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে।
পরদিনই ফ্যাশন ও বিনোদনমাধ্যম পোশাকটির নাম দেয় ‘রিভেঞ্জ ড্রেস’।
এরপর থেকে এই পোশাক হয়ে ওঠে প্রতিকূল পরিস্থিতিতে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক। ফ্যাশন ইতিহাসেও জায়গা করে নেয় এটি।
সোদেবিসের হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের বিশ্বপ্রধান মরগান হালিমি বলেন, ভাষা যখন ব্যর্থ হয়, তখন ফ্যাশনই ভাষা হয়ে উঠতে পারে। ডায়ানা সেই শক্তিকে অসাধারণভাবে কাজে লাগিয়েছিলেন।
সোদেবিস জানায়, ১৯৯৭ সালে ডায়ানা ৭৯টি বিলাসবহুল গাউন নিলামে তুলেছিলেন ক্যান্সার ও এইডস আক্রান্তদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য। সেই নিলামেই ‘রিভেঞ্জ ড্রেস’টিও বিক্রি হয়।
ডায়ানার মৃত্যুর মাত্র দুই মাস আগে শেষবার নিলামে ওঠা পোশাকটি এরপর প্রায় তিন দশক জনসাধারণের আড়ালে ছিল।
এবার ফের নিলামে উঠছে সেই ঐতিহাসিক পোশাক। আর এর সম্ভাব্য দাম ৩ লাখ ডলার—অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা!
সূত্র: বিবিসি
Posted ৬:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah