শনিবার ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত

বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া একটি নতুন মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, কাশিনগর এলাকার হুমায়ুন মিয়া ওরফে লক্ষীন্দরের ছেলে রাকিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি কিশোরীকে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার তা প্রত্যাখ্যান করে। এ নিয়ে বিরোধের জেরে কিশোরীটির পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং সে পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে দাবি পরিবারের সদস্যদের।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন বিকেলে কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে রাকিব তাদের বাড়ির সামনের রাস্তায় এসে গালিগালাজ শুরু করেন। কিশোরীর পরিবারের সদস্যরা এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

ভুক্তভোগীদের অভিযোগ, এ ঘটনার জেরে রাকিবের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কিশোরীর পরিবারের পাঁচটি বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করা হয়। এ ছাড়া একটি নতুন মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।

খবর পেয়ে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া ও সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া। তাঁরা সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দুই পক্ষের নারী-পুরুষসহ ১০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, “মেয়েঘটিত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

Posted ৬:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া