জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 353 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে ‘মজা খাওয়ানোর’ প্রলোভন দেখিয়ে অপহৃত চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২৮ জানুয়ারি বুধবার দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার ভোরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছোট সোনাই গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম রহিমা আক্তার (৪)। সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।
গ্রেফতার নারী মোসা. রোমেলা (২০) ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের নূর মাহমুদের মেয়ে। তিনি শ্রীপুরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে রহিমাকে মজা খাওয়ানোর কথা বলে কৌশলে অপহরণ করে নিয়ে যায় রোমেলা। পরে শিশুটিকে খুঁজে না পেয়ে তার বাবা আব্দুল মালেক শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরপরই পুলিশ তদন্ত শুরু করে।
পরবর্তীতে বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে ফুলপুর উপজেলার ছোট সোনাই গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং এ সময় অপহরণকারী রোমেলাকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের দাবি, শিশু অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে রোমেলা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে গত রাতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah