সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 107 বার পঠিত
রাজধানীর বনানীতে অবস্থিত আর্টিস্ট ক্লাব লাউঞ্জে অনুষ্ঠিত হলো আর্টিস্ট ক্লাব লিমিটেডের নিয়মিত সাংস্কৃতিক আয়োজন ‘আইকনিক টিউজডে’-এর প্রথম ক্লাসিক্যাল সঙ্গীতানুষ্ঠান। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার সন্ধ্যায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একক বাঁশি পরিবেশন করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। ছয় দশকেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত এই শিল্পী তাঁর অনন্য বাঁশির সুরে উপস্থিত শ্রোতাদের সামনে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য ও গভীরতা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মোস্তফা উপস্থিত শ্রোতাদের সঙ্গে ওস্তাদ আজিজুল ইসলামকে পরিচয় করিয়ে দেন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ওস্তাদ আজিজুল ইসলাম তাঁর পরিবেশনা শুরু করেন রাগ ইমন দিয়ে। এরপর পর্যায়ক্রমে তিনি পরিবেশন করেন রাগ শ্রী ও রাগ কোরিয়া ধানশ্রী। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট রাগ হামীর-এর পরিবেশনাও ছিল সন্ধ্যার অন্যতম আকর্ষণ। পাশাপাশি তিনি রাগ জয়জয়ন্তী পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে তিনি রাগ মারুবিহার এবং দুই ধরনের রাগ খাম্বাজ পরিবেশনের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ সঙ্গীতসন্ধ্যার সমাপ্তি টানেন।
আর্টিস্ট ক্লাব লিমিটেড ২০২৪ সালে প্রতিষ্ঠিত এবং ২০২৫ সালে যৌথ স্টক কোম্পানি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে এই ক্লাব। প্রতি শুক্রবার নিয়মিত সঙ্গীতানুষ্ঠানের আয়োজনসহ একশরও বেশি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ক্লাবটি। এতে তরুণ শিল্পী থেকে শুরু করে বিভিন্ন প্রজন্মের প্রতিভাবান শিল্পীরা অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। শুধু দেশেই নয়, এই আয়োজন আন্তর্জাতিক পর্যায়েও শ্রোতাদের কাছে পৌঁছেছে। আর্টিস্ট ক্লাব লিমিটেড কেবল একটি সভা বা সমাবেশ নয়, বরং শিল্পীদের পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, প্রদর্শনী, কর্মশালা এবং মেন্টরশিপের মাধ্যমে শিল্পচর্চাকে আরও সংহত করার একটি কার্যকর প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে আর্টিস্ট ক্লাবের সিনিয়র সদস্য ও উপদেষ্টা মোস্তাফিজুর রহমান এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানের লাইট ও সাউন্ড ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আনিসুজ্জামান আনিস।
আর্টিস্ট ক্লাব লিমিটেডের ‘Where Artists Stand Together’ দর্শনের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ক্লাবের প্রথম ক্লাসিক্যাল সঙ্গীতভিত্তিক আয়োজন। সংগীত, ঐতিহ্য ও শিল্পীদের পারস্পরিক সংযোগকে সামনে রেখে ‘আইকনিক টিউজডে’ ধারাবাহিকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
Posted ৩:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah