অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত
মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় পিছিয়ে আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর রায়ের নতুন তারিখ নির্ধারণ করেন।
আদালতে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানিতে ছিলেন।
এর আগে গত সোমবার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সোমবার রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। তবে আদালতের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শাফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
যেভাবে ঘটে আছিয়ার নির্মম পরিণতি
গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। রমজানের ছুটিতে সেখানে গিয়েছিল সে।
মামলার অভিযোগ অনুযায়ী, বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকেই গ্রেপ্তার করে।
১৩ কার্যদিবসে শেষ হয় বিচার
২০২৫ সালের ১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে মামলায় ২৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।
গত বছরের ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৩ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৭ মে রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।
রায়ে প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অপর তিন আসামি—শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), তার ছোট ভাই (১৭) এবং মা জাহেদা বেগম (৪০)—খালাস পান।
হাইকোর্টে ডেথ রেফারেন্স
ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হলে তা অনুমোদনের জন্য মামলার নথি উচ্চ আদালতে পাঠাতে হয়। এর ধারাবাহিকতায় গত বছরের ২১ মে এ মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।
পরে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। সোমবার রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী ৩১ আগস্ট এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah