অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
ফাইল ছবি
অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ বা বয়স সংশোধনের ক্ষমতা এখন মাঠপর্যায়ের কর্মকর্তারাও পাবেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগ।
পরিপত্র অনুযায়ী, শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন।
তবে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান এসওপি অনুসরণ করতে হবে। আবেদন অনুমোদন বা বাতিলের সময় সিএসএসে বাধ্যতামূলকভাবে নোট দিতে হবে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রমও মনিটর করা হবে। আঞ্চলিক ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা প্রতি মাসে দৈবচয়নের ভিত্তিতে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন যাচাই করবেন এবং প্রতিবেদন পাঠাবেন।
তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধন এবং জন্মতারিখের সঙ্গে নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন মহাপরিচালক পর্যায়েই নিষ্পত্তি হবে।
এ ছাড়া জন্মতারিখ, নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই তথ্যের ঘরে দ্বিতীয়বার সংশোধনের সুযোগ থাকবে না।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah