সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 286 বার পঠিত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত হানিফ মিয়া (২৫) উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে। বাংলাদেশ সময় শুক্রবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনারের দায়িত্বে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে তাঁর দাদি মারা যাওয়ার পর তাঁর নামে ওমরা পালন করতে যান। ওমরা শেষে এক বাংলাদেশি সহকর্মীকে সঙ্গে নিয়ে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।
হানিফের চাচা বেলাল হোসেন দিলীপ জানান, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি গাড়ি তাঁদের দিকে ধেয়ে আসে। এ সময় তিনজন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই নিহত হন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “দুর্ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমরা মৃত্যুর খবর পাই। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন সবার বড়। আর মাত্র এক মাস পর দেশে ফিরে তাঁর বিয়ের কথা ছিল। এ উপলক্ষে পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই আনন্দের অপেক্ষা মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে।
স্বজনরা জানান, হানিফের কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তাঁরা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরিবারের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তায় দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।
Posted ১:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah