নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 536 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে মাছ রফতানি করে ১ দশমিক ৬৮ কোটি ইউএস ডলার অর্থাৎ বাংলাদেশি ১৯০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। রফতানি হওয়া মাছের মোট পরিমাণ প্রায় ছয় হাজার ছয়শ’ ৬১ মেট্রিক টন।
আজ ৩১ জুলাই বুধবার আখাউড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আরো জানানো হয়, আখাউড়ায় গত বছর পাঁচ হাজার ৩২৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে তিন হাজার ৬৮০ টনের চাহিদা মিটিয়ে এক হাজার ৬৪৫ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত থেকে যায়। আখাউড়া মোট পুকুরের সংখ্যা দুই হাজার ৩৪৮ টি যার আয়তন ৬১৩ দশমিক ৬০ হেক্টর। এছাড়া নদী আছে তিনটি। খালের সংখ্যা তিনটি। বিলের সংখ্যা ১৩টি যার আয়তন ১৬৫ হেক্টর। আটটি প্লাবন ভূমির আয়তন ১ হাজার ৪০০ হেক্টর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহবুদ্দিন বেগ, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম, কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাফিকুল ইসলাম। মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিমের উপস্থাপনায় এতে সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, সাংবাদিক জুটন বনিক, চাষী আবুল হাসেম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে অতিথিবৃন্দ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোণা অবমুক্ত করেন ও র্যালি অনুষ্ঠিত হয়।
Posted ১:৫৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah