সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড্ডাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রলি পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে চালকসহ গাড়িতে থাকা ব্যক্তিরা অক্ষত থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে উপজেলার ধরন্তী এলাকার একটি ব্রিকসফিল্ড থেকে ইটবোঝাই করে ট্রলিটি কাউতলীর উদ্দেশ্যে রওনা হয়। পথে বড্ডাপাড়া শাহওয়ানী জামে মসজিদের বিপরীত পাশের সড়কে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এতে ট্রলিটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে উল্টে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনাকবলিত গাড়িটির মালিক শাহবাজপুর রাজাবাড়িয়াকান্দি এলাকার মজনু মিয়ার ছেলে শামীম মিয়া। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন মেড্ডা এলাকার সেন্টু মিয়ার ছেলে স্বপন।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে সহযোগিতা করেন। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ইটগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। তবে চালক স্বপন অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।
এদিকে, বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগায় স্থানীয় এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। পরে তা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনভিজ্ঞ চালক ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। গ্রামীণ ও আঞ্চলিক সড়কে ইট ও বালুবাহী ট্রলির বেপরোয়া চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন সচেতন মহল।
Posted ১:১৪ অপরাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah