নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচিসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় GPMS কর্মপরিকল্পনার আওতায় অক্টোবর-ডিসেম্বর ২০২৬-এর দ্বিতীয় প্রান্তিকের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার মনিয়ন্দ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিয়ন্দ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, সহকারী শিক্ষক কাজী সুলায়মান, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল-মামুন ও শিউলী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ফাহিমা জাহান বলেন, গত ১০ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকার বনানীর কড়াইল বস্তিসংলগ্ন মাঠে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। প্রাথমিক পর্যায়ে ১৪টি উপজেলা ও এলাকায় ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা স্বল্পমূল্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ে সমাজসেবা বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য উপকারভোগীদের তালিকা তৈরির কাজ চলছে।
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আসাদনগরে ৭৭৬ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে উপকারভোগীদের তথ্য যাচাই করছে। এ সংক্রান্ত তথ্যের সূত্র হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার কথা উল্লেখ করা হয়।
কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া কৃষক কার্ড কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি। তিনি বলেন, ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে কৃষি মন্ত্রণালয় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির বাস্তবায়ন শুরু করে। পরে ১৪ এপ্রিল পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রাথমিকভাবে ১০টি জেলার ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিঋণ ও ভর্তুকিসহ বিভিন্ন কৃষিসেবা ডিজিটাল পদ্ধতিতে সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের একটি ডিজিটাল পরিচয়ের আওতায় আনাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। এ তথ্যের সূত্র হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার কথা জানানো হয়।
এ ছাড়া প্রধান অতিথি ডেঙ্গু প্রতিরোধে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নারী সমাবেশের কার্যক্রম শেষ হয়।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah