জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে আবারও অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মহানগরীর ছয়দানা ও হারিকেন এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন তারা।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’
Posted ৫:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah