রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে ছাড়িয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

নেতানিয়াহুকে ছাড়িয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট

ছবি সংগৃহীত

ইসরায়েলের রাজনীতিতে নতুন মোড়। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব দিয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট কিংবা আইজেনকোটের বিরোধী জোট—কোনোটিই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা ও পরামর্শের পর আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।

দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইজেনকোট লিখেছেন, ‘এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। এ দায়িত্বের যোগ্য হয়ে উঠতে আমি সর্বাত্মক চেষ্টা করব।’

সরকার গঠনের জন্য আইজেনকোট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

এবারের নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি এবং তার অতি-ডানপন্থী ও আল্ট্রা-অর্থোডক্স ইহুদি মিত্ররা মোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টি এবং তার জোটের অন্য তিনটি ইহুদি বিরোধী দল মিলে পেয়েছে ৪৮টি আসন।

নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে আরব নেতৃত্বাধীন দুটি জোট—ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট। আরব ভোটারদের রেকর্ড উপস্থিতির কারণে জোট দুটি সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ নিয়ামক বা ‘কিংমেকার’ হয়ে উঠেছে তারা।

তবে নির্বাচনের আগে একটি দল ছাড়া অন্য সব ইহুদি রাজনৈতিক দল আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে কাজ না করার ঘোষণা দিয়েছিল। তা সত্ত্বেও নবনির্বাচিত সংসদ সদস্যদের সুপারিশ পর্যালোচনা করে আইজেনকোটকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট হারজোগ।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, সরকার গঠনের বিষয়ে অনুষ্ঠিত পরামর্শ সভায় আইজেনকোটের পক্ষে ৬৭টি এবং নেতানিয়াহুর পক্ষে ৪৬টি সুপারিশ জমা পড়ে। এসব সুপারিশ পর্যালোচনা করে প্রেসিডেন্ট তার সিদ্ধান্তের কথা আইজেনকোট ও নেতানিয়াহু—উভয়কেই জানিয়ে দেন।

ইসরায়েলের আইন অনুযায়ী, সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকেই সরকার গঠনের দায়িত্ব দিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং যার সরকার গঠনের সম্ভাবনা বেশি বলে প্রেসিডেন্ট মনে করেন, তাকেই এ দায়িত্ব দিতে পারেন।

নির্বাচনী ফলাফলের ভিত্তিতে সরকার গঠনের সামনে মূলত তিনটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, নেতানিয়াহু ও আইজেনকোটের নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠন। দ্বিতীয়ত, আইজেনকোটের জোট থেকে সংসদ সদস্যদের বের করে এনে নেতানিয়াহুর নেতৃত্বে ডানপন্থী সরকার গঠন। তৃতীয়ত, আরব দলগুলোর সমর্থনে আইজেনকোটের নেতৃত্বে নতুন সরকার গঠন।

যদিও অতীতে আইজেনকোট ও তার জোটের অধিকাংশ সদস্য আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের বিরোধিতা করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও সমঝোতার চেষ্টা করতে পারেন আইজেনকোট। তবে এ পথও বেশ জটিল বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের রাজনীতিতে জাতীয় ঐক্য সরকার গঠনের নজির রয়েছে। ২০২০ সালে টানা তিনটি নির্বাচনের পর নেতানিয়াহু ও তার তৎকালীন মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে পৌঁছেছিলেন। ওই চুক্তি অনুযায়ী, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সমঝোতা হয়েছিল।

এদিকে, পুনরায় নির্বাচন এড়ানো এবং একটি স্থিতিশীল সরকার গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান বাস্তবতায় নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নাও হতে পারে। তাই রাজনৈতিক দল ও তাদের প্রতিনিধিদের সমঝোতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থার কারণে ইসরায়েলকে পরপর পাঁচটি নির্বাচনের মুখোমুখি হতে হয়েছিল।

সূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box

Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া