জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এবং গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জবিউল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Posted ২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah