বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মানিক হত্যা মামলায় পিতা-দুই ছেলের যাবজ্জীবন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মানিক হত্যা মামলায় পিতা-দুই ছেলের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মানিক মিয়া হত্যা মামলায় পিতা ও তাঁর দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অসীম কুমার দে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কসবা উপজেলার নিমবাড়ী এলাকার মো. মোতাহার মিয়া এবং তাঁর দুই ছেলে মো. মনির মিয়া ও মো. কামাল মিয়া। রায় ঘোষণার সময় মো. কামাল মিয়া আদালতে উপস্থিত থাকায় তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি মো. মোতাহার মিয়া ও মো. মনির মিয়া পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

খালাসপ্রাপ্ত ছয় আসামি হলেন মো. নবীর হোসেন, মো. রুবেল মিয়া, মো. শরীফ মিয়া, মোছাম্মাৎ মনোয়ারা বেগম প্রকাশ মিনু, মোছাম্মাৎ জিয়াছমিন ও মোছাম্মাৎ খাদিজা বেগম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১০ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে কসবা উপজেলার তন্তর বাজারে মুদি ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফেরেন মানিক মিয়া। বাড়িতে বসে ভাত খাওয়ার সময় তাঁর চাচি মাহমুদা বেগম জরুরি কাজের কথা বলে তাঁকে নিজেদের বাড়িতে ডেকে নেন।

রাত সাড়ে ৮টার দিকে চাচা মোতাহার মিয়ার বাড়িতে গেলে পূর্ববিরোধের জেরে চাচা, চাচাতো ভাইসহ অন্য আসামিরা তাঁর ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে মানিক মিয়ার মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা আক্তার বাদী হয়ে পরদিন ১১ অক্টোবর ১১ জনের নাম উল্লেখ করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে কসবা থানা পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান ও অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মো. নজির আহাম্মদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সারওয়ার-ই-আলম ও অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুল।

রায় ঘোষণার পর উভয়পক্ষের আইনজীবীরা জানান, এ রায়ের মধ্য দিয়ে আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া