সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 519 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে মো. ফোরকান মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ফোরকান মিয়া বাঞ্ছারামপুর পৌরসভার মাতুর বাড়ির মোড় এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে রবিন ও হৃদয় তাকে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে আছাদনগর বাজারে একটি ভাঙারি দোকানে নিয়ে গিয়ে তাকে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, মারধরের একপর্যায়ে অভিযুক্তরা মোবাইল ফোনে তাকে কল করে তার স্বামীর আর্তচিৎকার শোনান। রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে। পরে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আসাদনগর গ্রামের শফিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম। জগন্নাথপুর গ্রামের রিমন মিয়া ও আসাদনগর গ্রামের খাইরুন ইসলাম হৃদয়।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah