সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী মো. ইয়াসিন মিয়া (৫০)-এর বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। ঘটনার তিন দিন পর গত শনিবার (২৪ অক্টোবর) রাতে কসবা থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর সকালে স্থানীয় বাজারে সয়াবিন তেল কিনতে যায় শিশুটি। বাড়ি ফেরার পথে অভিযুক্ত ইয়াসিন মিয়া তার মুখ ও হাত চেপে ধরে জোরপূর্বক নিজের দোকানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে হত্যার হুমকি দিয়ে হাতে টাকা ধরিয়ে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়।
বাড়িতে ফিরে কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার বিবরণ দেয় শিশুটি। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।
তিনি জানান, গত শুক্রবার রাতে এ ঘটনায় একটি সালিশি বৈঠক বসে। সেখানে ১২ সদস্যের একটি জুরিবোর্ড গঠন করে অভিযুক্তকে শুধু ক্ষমা চাওয়ানোর মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে এ সিদ্ধান্ত মেনে না নিয়ে আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে প্রতিপক্ষের লোকজন তাকে হুমকি দেয়। এ কারণে মামলা করতে দুই থেকে তিন দিন দেরি হয়েছে বলে দাবি পরিবারের।
এদিকে রবিবার (২৫ অক্টোবর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে থানায় আনা হলে সে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। পরে পুলিশি গাড়িতে করে তাকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভুঁইয়া জানান, রবিবার সকালে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শায়লা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ইয়াসিন মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah