শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কেশম দ্বীপে নতুন করে হামলা, স্বীকার করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

কেশম দ্বীপে নতুন করে হামলা, স্বীকার করলেন ট্রাম্প

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে নতুন করে হামলার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে মার্কিন বাহিনী সীমিত হামলা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও করেছেন ট্রাম্প।

শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান নতুন একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছিল। মার্কিন বাহিনী মাত্র পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে সেটি ধ্বংস করে দিয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশ করে। হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপ।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানায়, কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে ইরানের আকাশ প্রতিরক্ষাবাহিনী। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী সেন্টকম জানিয়েছে, পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে।

অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হয়েছে—এমন খবর প্রত্যাখ্যান করেছে কাতার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এ ধরনের ভিত্তিহীন প্রচার যুদ্ধ দীর্ঘায়িত করা এবং অঞ্চলকে অস্থিতিশীল করতে চাওয়া পক্ষগুলোর স্বার্থ রক্ষা করে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে জানান, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে কাতার।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ধাক্কার পর ট্রাম্পের নতুন হামলার ঘোষণা সামনে এলো। নির্বাচনের ফলাফলের জন্য তিনি ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন।

এরই মধ্যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী—এমন খবর প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

সূত্র: আল-জাজিরা।

Facebook Comments Box

Posted ৬:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া