অনলাইন ডেস্ক | সোমবার, ২৭ মে ২০২৪ | প্রিন্ট | 495 বার পঠিত
প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো স্ট্রিট ব্রেক ড্যান্স অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ইভেন্টে অংশ নেবেন আফগান তরুণী মুনিজা তালাশ।
আফগানিস্তানের পরিস্থিতি কারো কাছেই গোপন নয়, এসবের মাঝেও এবার অলিম্পিকে নিজের অন্যতম স্বপ্ন পূরণ করতে চলেছেন এ আফগান তরুণী। তবে তার প্যারিস যাত্রা এত সহজ ছিল না।
আফগানিস্তানের মতো রক্ষণশীল একটি সমাজের হয়েও তিনি নিজের স্বপ্ন পূরণে কোনো ছাড় দেননি; বরং পরিচয় দিয়েছেন দারুণ সাহসের।
মুনিজা তালাশ ২০২১ সালে একমাত্র নারী হিসেবে আফগানিস্তানের একটি ব্রেক ড্যান্স কমিউনিটিতে যোগ দেন৷ ব্রেক ড্যান্স অলিম্পিক গেমসেও যুক্ত হয়েছে৷ সেখানে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি৷ মাথা থেকে পা পর্যন্ত কালো রঙের পোশাকে ঢেকে তাকে প্রশিক্ষণ নিতে হয়েছে, যা বিশ্বের আর কোনো ব্রেক ড্যান্সারের ক্ষেত্রে দেখা যায় না৷
রক্ষণশীল আফগানদের অনেকেই নাচে নারীর অংশগ্রহণের তীব্র বিরোধিতা করেন৷ মুনিজা তালাশ জানান, নাচার জন্য তাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু তারপরও নিজের স্বপ্ন পূরণে তিনি নাচ চালিয়ে গেছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ক্লাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল, যে ক্লাবে মুনিজা প্রশিক্ষণ নিতে যেতেন।
মুনিজা বলেন, ওই সময় আমি বুঝতে পারিনি কী হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনী একজনকে আটক করে তার মুখ ঢেকে সেখান থেকে নিয়ে যায়। পরে জানা যায়, সে একজন চরমপন্থি, যে আমাদের ক্লাবে হামলা করতে এসেছিল। তারা আমাদের বলেছিল যে এবার আমরা ভাগ্যবান যে বেঁচে গেছি, কারণ তারাই আমাদের ক্লাবে বোমা ফেলতে চেয়েছিল।
আফগান তরুণী বলেন, আমাদের বলা হয়েছিল, আমরা যদি জীবনকে ভালোবাসি এবং আমাদের নিরাপত্তা চাই, তাহলে আমাদের এই ক্লাবটি বন্ধ করে দেওয়া উচিৎ।
Posted ৪:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ মে ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah