শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

সরাইলে ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জনপদ সরাইলের ইতিহাস, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও কৃতী ব্যক্তিদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে রচিত ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুউদ্দীন আহমেদ। তিনি বলেন, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও কৃতীজনদের জীবনকর্ম সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের গবেষণাধর্মী গ্রন্থ স্থানীয় ইতিহাসচর্চাকে সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে নিজেদের শিকড় সম্পর্কে জানার সুযোগ করে দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল। তিনি বলেন, ইতিহাসকে লালন করতে না পারলে একটি জনপদ তার আত্মপরিচয় হারিয়ে ফেলে। তাই সরাইলের ইতিহাস ও কৃতী ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত এ গ্রন্থ ভবিষ্যৎ গবেষণা ও ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সরাইলের ইতিহাস, সামাজিক বিবর্তন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক রফিকুজ্জামান, সরাইল কলেজের সাবেক অধ্যক্ষ বাবু মানবর্দ্ধন পাল, সরাইল শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠান, সাংবাদিক মো. শরিফ উদ্দিন, মো. বদর উদ্দিন বদু, সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস, সুমন পারভেজ, দেওয়ান রওশন আরা লাকী, মোস্তাফিজুর রহমান, আল আমিন শাহিন, আবেদ আর শাহীন, রেজওয়ান আরাফাত আরিফ, কবি খুরশিদ আলম, কবি ও লেখক ইসমোনাক, প্রভাষক মাসুদুর রহমান, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি মো. জয়ধুল হোসেন এবং ঢাকাস্থ সরাইল সমিতির সভাপতি প্রকৌশলী মো. শাহজাহান মিয়া।

বক্তারা বলেন, মেঘনা ও তিতাস নদীবেষ্টিত সরাইল যুগ যুগ ধরে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও কৃতী ব্যক্তিত্বদের অবদান একটি গ্রন্থে সংরক্ষণ সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠানে জানানো হয়, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, লেখক ও গবেষক তৌফিক আহমেদ তফছিরের দীর্ঘদিনের গবেষণা ও তথ্যসংগ্রহের ভিত্তিতে গ্রন্থটি রচিত হয়েছে। আয়োজকদের মতে, স্থানীয় ইতিহাস সংরক্ষণ, ঐতিহ্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে ইতিহাসচর্চার আগ্রহ সৃষ্টি করাই এ প্রকাশনার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের প্রথম পর্বে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। পরে সদস্য সচিব সঞ্জীব কুমার দেবনাথ উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তারা আশা প্রকাশ করেন, ‘সরাইল অন্নদার ইতিবৃত্ত ও সরাইলের কৃতীজন’ গ্রন্থটি সরাইলের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি ও কৃতী ব্যক্তিত্বদের নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি মূল্যবান তথ্যসূত্র হিসেবে বিবেচিত হবে।

Facebook Comments Box

Posted ২:১১ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া