জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হঠাৎ পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করে কয়েকজন কর্মচারীকে গল্প-আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান এমপি রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর একপর্যায়ে এক পাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করেন সাংসদ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এমপি বলেন, “আমি অবাক হয়েছি। এই হাসপাতালের গেটে যে তালা ঝুলছিল, সেটি কত বছর আগে লাগানো হয়েছে জানি না। তালায় মরিচা ধরে গেছে। আমি অনেক সময় অপেক্ষা করে এক পাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করি। এখানে কোনো স্বাস্থ্যকর্মী নেই, চিকিৎসক নেই, মেডিকেল অফিসারও নেই। সেখানে কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প-আড্ডায় মেতেছেন।”
তিনি আরও বলেন, “গাজীপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানকার মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া জরুরি। উপজেলা ও জেলা শহরে যাওয়া তাদের জন্য খুবই কষ্টসাধ্য। ইতোমধ্যে এ বিষয়ে মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বে থাকা ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন বলেন, “আমরা সেখানে ছিলাম। তবে আজকেই স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুল করে বাড়িতে রেখে আসি।”
শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন, “জনবল সংকট রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটির পাঁচটি পদের বিপরীতে একজনও নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। হঠাৎ করে এমপি মহোদয় যাওয়ায় এমন পরিস্থিতি হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং সমাধানের চেষ্টা করছি।”
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah