সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত
নারী নেতৃত্ব ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য ‘আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন কুড়িগ্রামের কৃতী সন্তান, সাবেক জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রেহানা পারভীন। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এজে লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
কুড়িগ্রামে জন্ম ও বেড়ে ওঠা রেহানা পারভীনের শৈশব কেটেছে খেলাধুলার প্রতি গভীর ভালোবাসায়। তিনি কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যে কুড়িগ্রাম স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করতেন। একজন নারী খেলোয়াড় হিসেবে তার পথচলা মসৃণ ছিল না। সামাজিক বাধা, প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি দমে যাননি।
২০০৬ সালে প্রথম আন্তঃজেলা নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকা জেলার হয়ে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তার অভিষেক ঘটে। এরপর ফুটবলের পাশাপাশি কাবাডি ও হ্যান্ডবলেও জাতীয় পর্যায়ে নিজের দক্ষতার পরিচয় দেন। তিনটি খেলায় জাতীয় দলের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা তাকে দেশের নারী ক্রীড়াঙ্গনের পরিচিত মুখে পরিণত করে।
খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে রেহানা পারভীন উপলব্ধি করেছেন, প্রতিভা থাকলেও সুযোগ ও সহযোগিতার অভাবে অনেক মেয়ের স্বপ্ন থেমে যায়। তাই নিজের সাফল্যের পাশাপাশি নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তার কাছে খেলাধুলা কেবল জয়-পরাজয়ের বিষয় নয়, বরং নারীর আত্মবিশ্বাস, নেতৃত্ব ও নিজের পরিচয় গড়ে তোলার অন্যতম মাধ্যম।
পুরস্কার গ্রহণের পর আবেগাপ্লুত কণ্ঠে রেহানা পারভীন বলেন, এই সম্মান আমার একার নয়, এটি বাংলাদেশের সব নারী খেলোয়াড়ের। শুধু ফুটবল নয়, প্রতিটি খেলায় নারীরা এগিয়ে আসুক—এটাই আমি চাই। আমার এই অর্জন দেখে গ্রামের একটি মেয়েও যেন খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে।
একসময় কুড়িগ্রাম স্টেডিয়ামের মাঠে যে মেয়েটি বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন, আজ তার অর্জন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পেয়েছে। রেহানা পারভীনের এই সম্মাননা কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং কুড়িগ্রামের ক্রীড়াঙ্গন এবং দেশের নারী খেলোয়াড়দের জন্যও এক অনুপ্রেরণার গল্প। তার পথচলা মনে করিয়ে দেয়, সুযোগ ও দৃঢ় মনোবল থাকলে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও নিজেদের যোগ্যতায় জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করতে পারেন।
Posted ৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah