অনলাইন ডেস্ক | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত
ইতালিতে শ্রমবাজারের চাহিদা পূরণে ২০২৭ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের কোটা ঘোষণা করেছে দেশটির সরকার। এ সুযোগের আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের কাজের সুযোগ তৈরি হয়েছে। কৃষি, পর্যটন, গৃহস্থালি পরিচর্যাসহ বিভিন্ন খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে।
ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ২০২৭ সালের এ নিয়োগ কোটা নির্ধারণ করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য বরাদ্দ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
ইতালিতে কাজ করতে আগ্রহী প্রার্থীদের দেশটির নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। সাধারণত ‘ফ্লো ডিক্রি’র আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে কাজের অনুমতির আবেদন করা হয়।
ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদন পূরণের জন্য ব্যবহার করতে হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল।
তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ, দেশটির কোনো বৈধ নিয়োগকর্তা কর্মী নিয়োগের প্রস্তাব দিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ ক্ষেত্রে পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামাসহ প্রয়োজনীয় বৈধ নথি জমা দিতে হবে।
বিনামূল্যে প্রশিক্ষণ, মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্কতা
ইতালিতে কর্মী নিয়োগের বিশেষ প্রশিক্ষণ প্রকল্পে অংশগ্রহণকারীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান।
এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির ভূমিকা রাখার সুযোগ নেই। মধ্যস্থতার নামে কেউ অর্থ লেনদেন করলে তাকে ভিসা দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।
নিয়োগদাতার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ
রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় গৃহীত এ প্রকল্পগুলো সম্পূর্ণভাবে নিয়োগদাতার চাহিদার ভিত্তিতে পরিচালিত হয়।
ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন, সেসব প্রতিষ্ঠান প্রথমে তাদের কর্মী চাহিদা নির্ধারণ করে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
এ প্রক্রিয়ায় কর্মীদের প্রশিক্ষণ থেকে শুরু করে নিয়োগের প্রস্তুতি পর্যন্ত সবকিছুই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সম্পন্ন করা হয়। তাই ইতালিতে কাজ করতে আগ্রহীদের সরকারি নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি দালাল ও মধ্যস্বত্বভোগীদের প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Posted ৬:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah