জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তিস্তা এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে যাত্রাবিরতি দিতে বাধ্য করেন তাঁরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় এ বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেলস্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। দীর্ঘদিন ধরে এখানে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শনিবার রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, এলাকাবাসী যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকাল ৬টার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবরোধ সৃষ্টি করে লাল ব্যানার টানিয়ে দেন। পরে তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, সকাল ৯টার দিকে বিক্ষোভকারীরা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনে অবস্থান নেন এবং ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে থামাতে বাধ্য করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাঁদের দাবির বিষয়ে আশ্বাস দেন।
পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, রাজেন্দ্রপুর রেলস্টেশনে দুটি ট্রেন দীর্ঘ সময় আটকে থাকায় ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।
Posted ৬:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah