জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 39 বার পঠিত
গাজীপুরের পূবাইলে চলন্ত আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চট্টগ্রাম-ঢাকা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পূবাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে যাত্রীদের পাশাপাশি ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রেলওয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক ধারণা, ইঞ্জিনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ফলে একদিকে রেল যোগাযোগ ব্যাহত হলেও অপর লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান গণমাধ্যমকে বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়েছিল। তবে সেখানে আগুন ছিল কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
Posted ৩:২২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah