সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সরাইল থানার এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান ও রাত্রীকালীন টহলকালে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের প্রায় ২০০ মিটার দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কে সন্দেহজনক অবস্থায় চারজনকে দেখতে পায় পুলিশ। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হলে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশুগঞ্জ উপজেলার চরচারতলা পাথরবাড়ির মো. মামুন মিয়া (৩০), চরচারতলা সরকারবাড়ির সিয়াম সরকার (২৮), সোনারামপুর হাজী মালেক মিয়ার বাড়ির নজরুল ইসলাম (২৫) এবং চরচারতলা মরম পাড়া কিচকি বাড়ির মো. স্বপন (২০)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা, একটি হেক্স ব্লেড, একটি লোহার কাটার, কাঠের বাটযুক্ত একটি লোহার ছোরা, একটি লোহার সেলাই রেঞ্জ, একটি ছোট কাঁচি, একটি লোহার পেরেক এবং হাতলবিহীন একটি ছোট স্টিলের ছোরা।
এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মাদক, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah