জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত
বেতন বৃদ্ধির দাবি ও এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তাঁরা কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
ওই নারী শ্রমিকের মৃত্যুর গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং আটকা পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কিছু শ্রমিক গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে আন্দোলনের মূল ইস্যু বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
Posted ৬:২০ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah