রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় খাল ভরাট করে রাস্তা নির্মাণ, জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় খাল ভরাট করে রাস্তা নির্মাণ, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুরে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে রাস্তা নির্মাণ ও কৃষিজমিতে বালু ফেলার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে খালের মাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মো. মরতুজা বর্ষণের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নয়নপুর এলাকায় একটি পাথর ভাঙার কারখানায় যানবাহন চলাচলের সুবিধার্থে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছিল। পাশাপাশি নির্মাণাধীন মহাসড়কের পাশে কৃষিজমিতে বালু ফেলে জমির স্বাভাবিক শ্রেণি ও ব্যবহার পরিবর্তনের চেষ্টা চলছিল।

এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দেয়। অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া ভরাট কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস এবং ১৫ কার্যদিবসের মধ্যে খালের মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, একই এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মাছের বর্জ্য প্রক্রিয়াজাত করে তেল উৎপাদনকারী একটি কারখানায়ও অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, কারখানাটি থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধ ও নির্গত তরল বর্জ্যে আশপাশের মাটি, পানি ও পরিবেশ দূষিত হচ্ছিল।

জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্রায় ১৫ দিন আগে পরিবেশ অধিদপ্তর কারখানাটিতে অভিযান চালিয়ে তালাবদ্ধ করে দেয়। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

রোববার উপজেলা প্রশাসন কারখানাটি পরিদর্শন করে ভেতর থেকে মালামাল বের করে পুনরায় সিলগালা করে দেয়। প্রশাসনের অনুমতি ছাড়া কারখানাটি না খোলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় কারখানার মূল মালিক খলিলুর রহমান পলাতক ছিলেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মো. মরতুজা বর্ষণ বলেন, সরকারি খাল, জলাশয় ও কৃষিজমি অবৈধভাবে ভরাট কিংবা দখল করার কোনো সুযোগ নেই। পরিবেশের জন্য ক্ষতিকর এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া