অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি বৈশ্য নামে এক প্রসূতি মা। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে চার সন্তানের বাবা-মা হয়ে আনন্দে আত্মহারা খোকন বৈশ্য ও সুখি বৈশ্য দম্পতি। তবে এই আনন্দের মাঝেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাবা।
সুখি বৈশ্য দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ রাণীপুর এলাকার রাজমিস্ত্রি খোকন বৈশ্যের স্ত্রী। দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করেন তারা। অবশেষে একসঙ্গে চার সন্তানের জন্মে তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে।
তবে চার সন্তানকে ঘিরে পরিবারে আনন্দের পাশাপাশি দেখা দিয়েছে বাড়তি দুশ্চিন্তা। পেশায় রাজমিস্ত্রি খোকন বৈশ্যের সীমিত আয়ে চলে অভাব-অনটনের সংসার। এরই মধ্যে সন্তানদের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। একসঙ্গে চার সন্তানকে কীভাবে লালন-পালন করবেন, তাদের ভরণপোষণ ও ভবিষ্যৎ কীভাবে নিশ্চিত করবেন—এসব চিন্তায় উদ্বিগ্ন তিনি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির জানান, স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম নেওয়া চিকিৎসাসেবার ক্ষেত্রে একটি বড় সফলতা। তবে নবজাতকদের ঝুঁকি পুরোপুরি কেটে না যাওয়ায় তাদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah