জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 60 বার পঠিত
গাজীপুর আদালতের গারদখানার রিসিভ ডেস্ক থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি মো. সম্রাট মন্ডলকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় র্যাব-১ (গাজীপুর) ও র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় জিএমপি কোর্ট পুলিশের নিয়ন্ত্রাধীন গারদখানার রিসিভ ডেস্কের পাশে আসামিদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যান সম্রাট।
এ ঘটনায় গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে আরও জানা যায়, গত ১৯ জুলাই গাজীপুরের গাছা থানার কুনিয়া মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে সম্রাটকে তার তিন সহযোগীসহ গ্রেফতার করা হয়েছিল। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মো. সম্রাট মন্ডলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
সম্রাটের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধে মোট ৩২টি মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
Posted ৭:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah