শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই শিশুর লুডু খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের বাইগদা বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে লুডু খেলা নিয়ে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিনের (১২) মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। অভিযোগ রয়েছে, এ সময় হামদু মিয়া লাঠি দিয়ে আঘাত করলে ইয়াছিনের মাথায় গুরুতর জখম হয়।

এর জের ধরে শনিবার সকালে আবুল হোসেনের সমর্থকরা হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হরষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম বলেন, শুক্রবার দুই শিশুর মধ্যে কী কারণে বিরোধের সূত্রপাত হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। শনিবার সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া