সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত
জুলাইয়ের সনদ বাস্তবায়ন না করে সরকার সংবিধান সংশোধনে ব্যস্ত এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ডা. মাহমুদা মিতু। একই সঙ্গে ‘জুলাই ব্যবসা’ নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বিএনপি ও আওয়ামী লীগ দুই দলেরই রাজনৈতিক কর্মকান্ডের সমালোচনা করেছেন।
শনিবার ১ আগস্ট বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে জেলা এনসিপি আয়োজিত ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. মাহমুদা মিতু বলেন, সরকার জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তারা তা না করে সংবিধান সংশোধন করছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, তারা বলছে আমরা নাকি জুলাই ব্যবসা করি। হ্যাঁ, আমরা জুলাই গণঅভ্যুত্থান করছি, আমরা করতেই পারি। আপনারা জিয়াউর রহমানের ব্যবসা করতে পারলে আমরা জুলাইয়ের ব্যবসা করতে পারব না কেন? তবে আমরা বেশি বেশি করে জুলাই ব্যবসা করব সঠিক, ন্যায় ও ভালো কাজের মাধ্যমে।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই যদি এমন আচরণ দেখা যায়, তাহলে অতীতের ফ্যাসিস্ট শাসনের সঙ্গে তার পার্থক্য কোথায় সেই প্রশ্ন জনগণের সামনে উঠছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের একজন নির্যাতিত নারী নেত্রী ছিলেন। তিনি অনেক অত্যাচার সহ্য করেছেন। তিনি ছেলেকে দেখে যেতে পারেননি, এক পুত্রবধূকে বিধবা দেখেছেন, নাতিদের শেষবারের মতো দেখে যেতে পারেননি। এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ডা. মাহমুদা মিতু বলেন, হবিগঞ্জে সাম্প্রতিক সময়ে সাইবার ফোর্সের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করেছে। এ ধরনের আচরণকে তিনি ‘ফ্যাসিস্ট দলের আচরণ’ বলে মন্তব্য করেন। এ সময় ডা. মাহমুদা মিতু নারীদের রাজনীতিতে আরও সক্রিয় ও সচেতন হওয়ার আহ্বান জানান।
জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংরক্ষিত সংসদ সদস্য ও শহীদ জাবেরের মা রোকেয়া বেগম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. ফরিদুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) মো. আতাউল্লাহসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
Posted ২:০১ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah