সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | 65 বার পঠিত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বিখ্যাত কিউ (Queen) জাতের প্রায় ৭৮০ কেজি আনারস পাঠিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ১০০টি বাক্সে থাকা ৬০০টি আনারস আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
উপহার গ্রহণের সময় আখাউড়া চেকপোস্টের শূন্যরেখায় উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদফতরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা।
এ সময় অপূর্ব রায় বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের প্রত্যাশা থেকেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কিউ জাতের আনারস উপহার পাঠানো হয়েছে।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah