আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শনিবার, ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মোয়াজ্জেম হোসেন (৩০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের তারা মিয়ার ছেলে।
বিকেলে কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, মোয়াজ্জেম হোসেন ঢাকার মতিঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আদালতের রায়ের পর তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সংঘটিত দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সুযোগে তিনি অন্যান্য বন্দিদের সঙ্গে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
র্যাব আরও জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মোয়াজ্জেম হোসেনের অবস্থান গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। পরে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Posted ৩:০৭ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah