সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খোঁড়ার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরু মিয়া (৬৫) ও সানাউল্লাহ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মৃত মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর প্রস্তুতের কাজ চলছিল। এ সময় কবর ঢাকার কাজে ব্যবহৃত স্টেইনলেস স্টিলের একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে নুরু মিয়া ও সানাউল্লাহ গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত নুরু মিয়া পরিবারের অভিভাবকসুলভ একজন ব্যক্তি ছিলেন এবং সানাউল্লাহ ছিলেন এক তরুণ যুবক। তাদের আকস্মিক মৃত্যুতে দুই পরিবারসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, কবরস্থানের আশপাশে বিদ্যুতের তারগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।
Posted ৩:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah