অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 61 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় নবগঠিত বরিশাল ইউনিয়নের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বরিশাল গ্রামের মো. ফজলুর রহমান ভূইয়ার বাড়িতে এ কার্যালয়ের উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
চলতি মাসে সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে বরিশাল ইউনিয়ন গঠন করে গেজেট প্রকাশ করে এবং মো. ফজলুর রহমান ভূইয়াকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বরিশাল ইউনিয়নের প্রশাসক মো. ফজলুর রহমান ভূইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বরিশাল ইউনিয়নকে সবচেয়ে উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি নিজে কখনো দুর্নীতি করিনি এবং কাউকে দুর্নীতি করতে দেব না। সরকারি সব বরাদ্দ জনগণের সঙ্গে পরামর্শ করে স্বচ্ছভাবে বণ্টন করা হবে এবং আমি নিজে এর তদারকি করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মাধ্যমে নতুন ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসক ও তাঁর টিম নিয়মিতভাবে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ পরিচালনা করবেন।
উল্লেখ্য, বরিশাল ইউনিয়ন গঠনের ফলে আখাউড়া উপজেলার ইউনিয়নের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টি হয়েছে।
Posted ১২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah