সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের দীর্ঘ প্রতীক্ষিত নির্মাণকাজ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কড়িকান্দি ফেরিঘাটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা সড়ক প্রকল্পটির জট খুলে এখন বাস্তবায়নের দিকে নেওয়া হচ্ছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে সড়ক প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মূল্য পরিশোধের ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন প্রতিমন্ত্রী।
জোনায়েদ সাকি বলেন, সড়ক নির্মাণ ও প্রশস্ত করতে গিয়ে অনেকের ঘরবাড়ি, জমি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও এলাকার অর্থনৈতিক সম্ভাবনা তৈরির জন্য এ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঞ্ছারামপুর, নবীনগরসহ আশপাশের এলাকার মানুষ বিষয়টি উপলব্ধি করেন বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, শুধু অর্থ সহায়তা দিলেই হবে না, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, দুর্ঘটনায় আহত রোগীদের শুধু ঢাকায় রেফার করে দেওয়া যাবে না। উপজেলা পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ইউনিয়ন থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে স্বাস্থ্যসেবা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশের শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দেশ ও বিদেশের শ্রমবাজারে প্রতিযোগিতা করতে সক্ষম জনগোষ্ঠী তৈরিই সরকারের লক্ষ্য।
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, গ্যাসের ঘাটতি মোকাবিলায় নতুন গ্যাসকূপ খনন, পাইপলাইন স্থাপন এবং এলএনজি আমদানির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে দেশে ১৫০টি গ্যাসকূপ খননের লক্ষ্য রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ সড়ক ও সংশ্লিষ্ট যোগাযোগ অবকাঠামো উন্নত হলে কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিল্প, তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। বাঞ্ছারামপুর, নবীনগর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলাকে নতুন বিনিয়োগ ও উৎপাদনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক আন্দোলন, সভা-সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। তবে জনগণকে রাজনৈতিক বক্তব্যের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সরকারের কাজে ভুল বা গাফিলতি হলে সমালোচনা ও জবাবদিহি করার অধিকার জনগণের রয়েছে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও সমাজে সংস্কার এনে বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যেই সরকার কাজ করছে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক, সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, অ্যাডভোকেট রফিক সিকদার, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক জিপি একেএম মুসা, উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী শামীম শিবলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা, উপজেলা বিএনপির সহসভাপতি আবু আইয়ূম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি রুহুল আমিন সরকার, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah