সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 42 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল উপজেলার দড়িকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, একটি বালুর ঢিবির পাশে গর্তে থাকা নীল রঙের একটি শপিং ব্যাগে খাকি কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি কীভাবে সেখানে এলো এবং এর মালিক বা ব্যবহারকারীদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগাজিন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৫০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড, পেট্রোল বোমা, ককটেল এবং ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯।
Posted ৫:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah