জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত
গাজীপুরের কোনাবাড়ীতে সমাজসেবক নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এক বছর পর এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের জরুন বাজার এলাকায় অভিযান চালিয়ে শিহাব উদ্দিন নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিহাব উদ্দিন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়া থাকতেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে রাত ১১টার দিকে নাসির উদ্দীন পালোয়ানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। হামলায় একই পরিবারের আরও ছয়জন আহত হন। গুরুতর আহত নাসির উদ্দীনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হেলাল উদ্দিন জানান, মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে রয়েছেন। এ ছাড়া কয়েকজন আসামি এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার শিহাব উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৫:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah