সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোকর্ণঘাট দক্ষিণপাড়া তিন রাস্তার মোড় এলাকার একটি ডিজিটাল হেয়ার কাটিং সেলুনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোকর্ণঘাট (দক্ষিণপাড়া) এলাকার হোসেন মিয়ার ছেলে মো. জয় (২২) এবং মো. বার মিয়ার ছেলে মো. সালাম মিয়া (৩৫)।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, গোকর্ণঘাট দক্ষিণপাড়া তিন রাস্তার মোড় এলাকার একটি ডিজিটাল হেয়ার কাটিং সেলুনের ভেতরে কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলছে। পরে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে র্যাবের দলটি সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় দুইজনকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন। পরে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানান, তারা মোবাইলে ‘জ৭৭৭’ অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলতেন। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।
র্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।
Posted ২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah