নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 126 বার পঠিত
বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আটজন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসচালক মুন্না (৪০) এবং পরিচয় শনাক্ত না হওয়া আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা হয়।
রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিপতা নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসচালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়।
তাদের মধ্যে একজনের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah