জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের তীব্র বিস্তারে অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও পথসভা করেছেন আতঙ্কে থাকা এলাকাবাসী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা শ্রীপুর থানা মোড়, বাঘমারা, হলারটেক ও নতুন পটকাসহ পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এক পথসভায় মিলিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে পৌর এলাকা ও আশেপাশের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং নির্মাণাধীন ভবনে চুরির মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অলিগলিতে মাদকের অবাধ বিস্তার ও মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধির কারণেই ছিনতাই ও চুরির মতো অপরাধ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।
তারা বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে। সংক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষে মাসুদ রানা, আইয়ুব আলী ও মাওলানা আনোয়ার হোসেন বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর করাল গ্রাসে পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ বিপর্যস্ত। চোরের উপদ্রবে সাধারণ মানুষ রাতে ঘুমাতে পারছেন না।
বক্তারা অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশি টহল জোরদার, স্পর্শকাতর স্থানে গোয়েন্দা নজরদারি এবং সমাজভিত্তিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। শিগগির মাদক নির্মূলসহ রাতের টহল জোরদারের মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।
এদিকে গত কয়েক দিনে একাধিক চুরির ঘটনায় পুরো উপজেলাজুড়ে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। উপজেলার ছাতিরবাজারের মুদি ব্যবসায়ী জহিরুল ইসলাম জজের দোকানের সিলিং কেটে নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে দুর্বৃত্তরা। অন্যদিকে শ্রীপুর থানার একদম কাছে অবস্থিত সাংবাদিক মুনসুরুল ইসলাম মাসুমের কার্যালয়ের বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোর চক্র।
তাছাড়া সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দের ভাড়া বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি এবং সাংবাদিক আরিফ মন্ডলের নির্মাণাধীন ভবন থেকেও মালামাল চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংকট সমাধানে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশি টহল ও নজরদারি বহুলাংশে বাড়ানো হয়েছে।
Posted ১২:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah