অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 50 বার পঠিত
প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। মশার প্রজননস্থল শনাক্ত করতে দেশটির সরকার সামরিক ড্রোন ব্যবহার করছে। বাড়ির ছাদে জমে থাকা পানি, নির্মাণাধীন ভবন ও অন্যান্য সম্ভাব্য প্রজননস্থল ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, চলতি বছর শ্রীলঙ্কায় ডেঙ্গুতে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজারের বেশি মানুষ। এর মধ্যে এক-চতুর্থাংশেরও বেশি রোগী শনাক্ত হয়েছেন শুধু জুলাই মাসেই।
শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ডিসেম্বরে দেশটিতে আঘাত হানা একটি ঘূর্ণিঝড়ের পর বিভিন্ন স্থানে জমে থাকা ধ্বংসাবশেষ ও বৃষ্টির পানি মশার নতুন প্রজননক্ষেত্র তৈরি করেছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সেনাবাহিনীকে বাড়ি, স্কুল ও নির্মাণাধীন ভবনের ছাদ ড্রোনের মাধ্যমে স্ক্যান করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি পুলিশ কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত ও অপসারণে অভিযান চালাচ্ছেন।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি মাসে প্রায় ১১ হাজার মশার প্রজননস্থল পরিষ্কার করা হয়েছে। এছাড়া প্রজননস্থল সৃষ্টি বা সংরক্ষণের দায়ে চার হাজারের বেশি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
যদিও দেশজুড়েই ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়েছে, তবে রাজধানী কলম্বোসহ শহরাঞ্চলে এর প্রকোপ সবচেয়ে বেশি।
জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তা কানানগারা বলেন, রোগীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি রোগের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা ও কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। তবে জনস্বাস্থ্যকর্মীরা তাদের সক্ষমতার সর্বোচ্চ সীমায় কাজ করছেন।
তিনি আরও জানান, হাসপাতালের ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে মৃদু উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই বিশ্রাম ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ২০০০ সালে বিশ্বজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৫ লাখ, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪৪ লাখে।
সূত্র: বিবিসি ও রয়টার্স।
Posted ১২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah