অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 21 বার পঠিত
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন।
মঙ্গলবার (স্থানীয় সময়) ভোর ৩টার দিকে কুইন্সটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার সময় দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, “কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিহতদের পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
Posted ১১:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah