আরিফুর রহমান আরিফ : | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | 232 বার পঠিত
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও বাংলাদেশি চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা। চিকিৎসক হিসেবে কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার এমন মর্মান্তিক মৃত্যু পরিবার, স্বজন, সহপাঠী ও চিকিৎসক সমাজে গভীর শোকের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পারিবারিক সূত্রে জানা যায়, ডা. অদিতি সাহা অনন্যার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। তিনি বাবুল সাহার একমাত্র কন্যা।
ডা. অদিতি রাজধানীর জহিরুল হক শিকদার মেডিক্যাল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি হন এবং সেখান থেকে সাফল্যের সঙ্গে পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়ে ইউনাইটেড স্টেটস মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন (USMLE) সম্পন্ন করে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেন।
শিক্ষাজীবনে তিনি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং কেম্ব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাস করেন। মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে চিকিৎসা পেশায় তিনি নিজের সম্ভাবনার স্বাক্ষর রেখেছিলেন।
পারিবারিক সূত্র জানায়, চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্টারনাল মেডিসিন বিভাগে রেসিডেন্সি শুরু করেছিলেন ডা. অদিতি। বহু প্রতীক্ষিত সেই স্বপ্নপূরণের অল্প সময়ের মধ্যেই শিকাগোর সড়কে ভয়াবহ দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশে ও প্রবাসে সহপাঠী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে একজন মেধাবী, মানবিক ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করে শোক প্রকাশ করছেন।
ডা. অদিতি সাহা অনন্যার অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের চিকিৎসক সমাজে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সম্ভাবনাময় এই তরুণ চিকিৎসকের অকাল বিদায়ে পরিবার, স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মাঝে নেমে এসেছে গভীর বেদনা।
Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah